বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাসূল সা:-এর আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চাই। যাদের দ্বারা দেশ ও জাতি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে।

শুক্রবার রাজধানীর ডেমরা এলাকায় মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বস্তিভিত্তিক স্কুলছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী ও মহানগরী মজলিশে শূরা সদস্য শাহীন আহমদ খান প্রমুখ নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ ঈদ উপহার বিতরণকালে বলেন, প্রিয় নবী সা: একদল যোগ্য লোক তৈরী করে সোনার মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও একইভাবে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।

তিনি আরো বলেন, আমরা সমাজের বঞ্চিত ও অসহায় শিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী উপহার প্রদানসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একই সাথে তাদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যও আমরা আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ আমরা করে যাচ্ছি। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি।

এবিএস