জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তিনি ক্ষমতায় থাকাকালে আন্দোলন হয়েছে কিন্তু পেট্রোল বোমা মেরে কাউকে হত্যা করা হয়নি।
আজ বুধবার রাজধানীর আইডিইবি ভবনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমি ক্ষমতা ছেড়েছিলাম। কিন্তু গণতন্ত্রের নামে কি পেলাম, এরকম গণতন্ত্রের জন্য আমি ক্ষমতা ছাড়িনি।
তিনি আরো বলেন, ঘরে থাকলে ক্ষুধার আগুন আর বাইরে গেলে পেট্রোলের আগুন। নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! যাদের কাছে আমরা ভোজ (খাবার) ভিক্ষা করি, তারাই আজ প্রাণ ভিক্ষা চাইছে। তাদের বলতে হচ্ছে, ‘আমাকে তোমরা পুড়ে মেরো না’। কিন্তু তাদের কান্না আমাদের হৃদয় স্পর্শ করে না।
তিনি বলেন, প্রাণভিক্ষা চেয়েও তারা প্রাণভিক্ষা পাচ্ছে না। ক্ষমতার মোহে আমরা অন্ধ। এই ক্ষমতার রাজনীতির মুখে থুতু দিই।
এসময় রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা হয় বলেও আক্ষেপ করেন এরশাদ।
জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হারিছ মো আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়, জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব ও যুব সংহতির সভাপতি অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
এসএইচ





