বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, “খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়নি, শেখ হাসিনার মানবিকতার কারণে মুক্তি পেয়েছেন। এরপরেও কোন লজ্জায় বিএনপি নেতারা সরকারকে দোষারোপ করে তা বোধগম্য নয়।”
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। খবর ইউএনবি’র।
হানিফ বলেন, “বঙ্গবন্ধু কন্যা যে মানবতা দেখিয়ে বেগম জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিল তার জন্য বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু সেটা না করে উল্টো সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিষেদাগার, নোংরা রাজনীতির বহিঃ প্রকাশ।”
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি





