প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার প্রদানের জন্য নোবেল কমিটির প্রতি আহবান জানিয়েছে ছাত্রলীগ।

আজ (বৃহস্পতিবার) রাজুস্মৃতি ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ওপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয় কর্তৃক আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আনন্দ র‌্যালী পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ এ দাবি জানান।

সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারীর উন্নয়নে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, অর্থনৈতিক প্রগতিসহ প্রতিটি ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কারে ভ’ষিত করে তাকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য তারা নোবেল কমিটির প্রতি আহবান জানান।

তারা বলেন, যেখানে আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্ট শান্তিতে ‘নোবেল প্রাইজ’ পেয়েছেন কিন্তু তারা যুদ্ধ করে সাধারণ, নিরীহ মানুষকে মেরে ফেলেছে, বিভিন্ন দেশ ধ্বংস করে ফেলেছে সেখানে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে নারীদের ভ’মিকা প্রধান্য পাচ্ছে, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে, অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। শান্তি প্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান সবচেয়ে বেশি। তাই দেশনেত্রী শেখ হাসিনাকেও ‘নোবেল প্রাইজ’ দেয়া হোক।

বিশ্বনেতৃত্ব যেটা না ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা ভাবছে মন্তব্য করে তারা বলেন, বাংলাদেশে এমন কোন সেক্টর নেই যেটা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ পরিপূর্ণতা লাভ করেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত ‘এজেন্ট অব চেইঞ্জ’ বাংলাদেশের প্রতিটি নারীর একটি স্বীকৃতি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, নারী উন্নয়নে ভ’মিকা রাখার জন্যই প্রধানমন্ত্রীকে এই সম্মাননা দেয়া হয়েছে। তারা বলেন, আমরা মনে করি এ ‘অ্যাওয়ার্ড’ শুধু দেশনেত্রী শেখ হাসিনার নয়; বরং এ অ্যাওয়ার্ড বাংলাদেশের প্রতিটি নারীর একটি স্বীকৃতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা এবং শেখ হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় গর্ববোধ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, আজকের এ দিন বিশ্বের তরুণ প্রজন্মের কাছে একটি আনন্দঘন দিন। তারুণ্যের অহংকার তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশের, এ মাটির সন্তান হয়ে আজকে তিনি একজন তরুণ হিসেবে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। আজকে সজিব ওয়াজেদ জয়ের জন্য গর্বিত এদেশের প্রতিটি সন্তান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোতাহার হোসেন প্রিন্সের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, দপ্তর সম্পাদক দোলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জনের আনন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে র‌্যালী পরবর্তী সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

এছাড়াও সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, থানা, পৌর শাখা ছাত্রলীগ সকাল ১১ টায় আনন্দ র‌্যালী বের করে বলে জানা যায়।

এমবিএইচ