গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সিপিবি-বাসদের ডাকা আধাবেলা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি।
শনিবার ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ইজতেমার শেষদিনে আখেরি মোনাজাত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
বিএনপির মহাসচিব বলেন, সম্প্রতি গ্যাসের দাম ২২.৭ ভাগ বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। এতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর চাপ পড়বে।
গ্যাসের যে দাম বৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে সিপিবি, বাসদসহ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে। আমরা মনে করি, এই হরতাল সকলের সমর্থন করা উচিত। আমরা দলের পক্ষ থেকে এই হরতালের সমর্থন জানিয়েছি।
সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এখন ভাল নেই। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন যাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। কিন্তু সেভাবে তাদের আয় নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী জেলা ভিত্তিক ইজতেমা শুরু হয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা তাবলীগ জামায়াতের এ ইজতেমা শেষ হয়।
ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এ আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এমই





