ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মান্নান কচি। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মান্নাফী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির।
এর আগে, দ্বিতীয় অধিবেশনের শুরুতে মহানগরের দুই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব আহ্বান করেন ওবায়দুল কাদের।
সেখানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ৮ জনের নামের প্রস্তাব আসে। অপরদিকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১০ জনের নাম প্রস্তাব করা হয়।
কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক একক পদ হওয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাদের সমঝোতা করার জন্য ২০ মিনিট সময় বেধে দেন৷
শীর্ষ পদে প্রস্তাবিত প্রার্থীরা সমঝোতায় ব্যর্থ হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
এএস





