ছাত্রলীগকে ধান্ধাবাজি ছাড়তে হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সম্মান নষ্ট হয়, জনগণের আস্থা বিনষ্ট হয় এমন কোন কাজ ছাত্রলীগ নেতাকর্মীদের করা যাবে না। ভালভাবে পড়াশুনা করে মেধাবী হয়ে আকর্ষণীয় চরিত্রের অধিকারি হতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউতে ছাত্রলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগকে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, একটি খারাপ আচরণ অনেক ভালো কাজকে ম্লান করে দেয়। গুটি কয়েক নেতাকর্মীর অপকর্মের দায় গোটা সংগঠন নেবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়কে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শুনলাম গয়েস্বর বাবু ১/১১ এর রঙিন খোয়াব দেখছেন, আমি বলেতে চাই আওয়ামী লীগ ১/১১ থেকে শিক্ষা নিয়েছে কিন্তু বিএনপি নেয় নি; তাই বিএনপি ১/১১ এর রঙিন খোয়াব দেখছে। বাংলার মাটিতে আর কোন দিন ১/১১ আসতে দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৮১ সালে ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের নেতৃত্বে ছাত্রলীগ প্রথম শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে দেশের নিয়ে আসার দাবি তোলে। সেদিন যেমন সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে ছাত্রলীগ শেখ হাসিনাকে দেশে আসতে অগ্রগনি ভূমিকা পালন করেছিল এখনও মোসাদ, তারেক, আসলামের ষড়যন্ত্র ছাত্রলীগই প্রতিহত করবে।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি মাহফুজুল হায়দার রোটন, ছাত্রলীগ সেক্রেটারি জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, ঢাকা উত্তর ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, ঢাকা দক্ষিণের সভাপতি বায়েজিদ হোসেন।
এমআইএস





