বাজেটের ঘাতটি টাকা পূরণের জন্য রাস্তার নেমে কেচি নিয়ে অর্থমন্ত্রীকে জনগণের পকেট কাটতে হবে। আর এক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করলে হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, আওয়ামী লীগের চিন্তার সাথে জনগণের চিন্তার কোন মিল নেই। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার চিন্তার সাথে জনগণের চিন্তার রাত আর দিন পার্থক্য রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা দিন-রাত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো। অথচ শিক্ষার্থীদের উপর সরকার ভ্যাট ধার্য করার পরপরই ছাত্ররা রাজপথে নেমেছে। এর জন্য অবশ্যই প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।

গয়শ্বর চন্দ্র বলেন, বেগম খালেদা জিয়া আজও কারামুক্ত নন। কারণ বিএনপির সিনিয়র নেতারা যদি কারাগারে বন্দি থাকে, তাহলে কি ভাবে তিনি মুক্ত হন। বিএনপির সিনিয়র নেতারা যেদিন মুক্তি লাভ করবেন সেদিনই তিনি কারামুক্তি লাভ করবেন বলেনও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ১/১১ ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আর এক-এগারো ষড়যন্ত্রকারীদের অনেকেই বেগম খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে পদ-পদবী নিয়েছিল।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এমএ/ এআর