বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবীতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
মিছিলটি সকাল ৮ টায় মহাখালী রেলগেট থেকে শাহীন কলেজের দিকে আসে। এতে নেতৃত্ব দেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিন।
মিছিল শেষে সমাবেশে সেলিম উদ্দিন বলেন, "সরকার মিথ্যাচার, জাল-জালিয়াতি, সাজানো ও পাতানো সাক্ষীর মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে প্রাণদণ্ডে দণ্ডিত করছে। সরকার একে একে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার অস্থির হয়ে উঠেছে।"
তিনি আরো বলেন, "আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে।"
এ বিচার সঠিক নয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি প্রাণদণ্ড স্থগিতের আহ্বান করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য,জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনেষ্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি প্রাণদন্ড স্থগিতের আহ্বান জানিয়েছে।
সেলিম উদ্দিন আরো বলেন, "তাই জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের কোন বিকল্প নেই। "
তিনি সরকারের জুলুম-নির্যাতন ও হত্যার রাজনীতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আমীর কুতুব উদ্দিন,আনিসুর রহমান, জারিফ দাইয়্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে সকাল ৮.৩০ এডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে রামপুরা বাজারে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার আমীর শামছুর রহমান, পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসেন, শাহ মো. সগীর, শিবির নেতা রেজাউল হক রিয়াজ, রাশেদুল ইসলাম রানা প্রমুখ।
ইআর/জেআই





