চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই নেতার সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ১০টার দিকে নগরীর লালদীঘির মাঠে এই ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় নেতারা ছিলেন না। পরে সম্মেলন যথাসময়ে শুরু হয়।

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে লালদিঘী মাঠে আসতে থাকে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মাঠে অবস্থান নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের অনুসারীরা। ১০টার কিছু সময় আগে মাঠে আসেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারীরা। এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, যা প্রায় ১০ মিনিট ধরে চলে। তখন পুলিশ গিয়ে তাদের থামায়।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, “দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কিছু হয়নি।” সংঘর্ষের পর একে একে কেন্দ্রীয় নেতারা লালদিঘী মাঠে সম্মেলনস্থলে আসেন।

বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সম্মেলন উদ্বোধন করেন।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি রয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এমএম