সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ড. ওসমান ফারুক নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে বলেন, সকালেই দেশের বিভিন্ন স্থানে ৬০টি ভোটকেন্দ্র ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করে নিয়েছেন।

বুধবার ভোট শুরুর পর সকাল ৯টায় নির্বাচন কমিশনার শাহনেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ অভিযোগ করেন।

চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ শেষে ওসমান ফারুক নির্বাচন কমিশনে উপস্থিত সাংবাদিকদের জানান, ভোলার ১৮টি এবং গাইবান্ধা, গাজীপুর, মনোহরদীসহ বিভিন্ন স্থানের ৬০টি কেন্দ্র দখল করে নেয়া হয়েছে।

তিনি জানান, বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। প্রার্থীদের কেন্দ্রে যেতে দেয়া হচ্ছে না, বাড়িতে আটকে রাখা হচ্ছে।

তবে, বিএনপি কিছুতেই পৌরসভা নির্বাচন বর্জন করবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, গতকাল আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছিলাম যে আমরা সকাল আটটায় আসব। কিন্তু এসে দেখি নির্বাচন কমিশনার শাহনেওয়াজ ছাড়া কেউ নেই।

তিনি শাহনেওয়াজকে ধন্যবাদ জানান এবং বলেন, তিনি আমাদের অভিযোগগুলো শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় ফোন করেছেন।

‘তবে অপর প্রান্তের কথায় মনে হয়েছে প্রশাসন অসহায়,’ বলেন এই বিএনপি নেতা।

ওসমান ফারুক আরো বলেন, ‘আমরা ভোট বর্জন করতে এ নির্বাচনে আসিনি। বিএনপি কিছুতেই ভোট বর্জন করবে না। শেষ পর্যন্ত দেখব। শুরুটা ভালো হয়নি। সকালেই এ অবস্থা, এতেই বোঝা যায় পুরো নির্বাচনটা কেমন হবে।’

ভোটারদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা বলেন, যেসব জায়গায় ভোটকেন্দ্র দখল করা হয়নি, সেসব জায়গায় ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল ইসিতে আসে। অন্য সদস্যরা হলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

এআই, কেবি