সরকার ৪২ বছর পর দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য c
তিনি বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম,যার মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার কথা ছিল। কিন্তু সরকার সে অধিকার কেড়ে নিয়েছে।
বুধবার বিকালে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ দলের নেতাকর্মীদের মুক্তি এবং গ্রেফতার,দমন,নিপীড়ন,নির্যাতন বন্ধের দাবি এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
মাহবুবুর রহমান বলেন, ভাষার মাস একুশ আমাদের প্রতিবাদী হতে শিখিয়েছিল। আজও আমরা সরকারের গণতন্ত্রের ধ্বংস করার বিরুদ্ধে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন,সরকারের পায়ের নিচে আজ মাটি নেই। থাকলেও সেটি চোরাবালি। তাই আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য আব্দুল মঈন খান বলেন,এই সরকার এমন একটি সরকার যারা আইন-কানুন,নিয়মনীতি ও গণতন্ত্রে বিশ্বাস করে না। কাজেই তাদের কাছে বক্তব্যের মাধ্যমে কোনো প্রতিবাদ জানিয়ে লাভ নেই।
তিনি আরো বলেন,বিশ্ববাসী ভালো করেই জানে যে, এই সরকার কিভাবে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ ভোটকেন্দ্রে না গেলেও তাদের আজ্ঞাবহ কমিশনের কারসাজিতে বিপুল ভোটের হিসাব প্রচার করা হয়েছে।
বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপি চেয়ারপারসনের ডাকে সারা দিয়ে দেশের ৯৫ ভাগ ভোটার ভোট দিতে যায় নি। এটিই হচ্ছে বিরোধী জোটের আন্দোলনের সফলতা। এখানে আমাদের কোনো ব্যর্থতা নেই। তবে আমাদের নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারন করে নতুন উদ্যোমে মাঠে নেমে সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে হবে।
সরকারকে একটি দুর্বল সরকার উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ দুর্বল বলেই তারা গুম-খুন আর হত্যা-নির্যাতনের পথ বেছে নিয়েছে।
১৯ দলীয় জোটের অন্যতম নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, সরকার একদলীয় নির্বাচনের নামে প্রহসনের যে ট্রেন ছেড়েছে সেই ট্রেন কমলাপুর থেকে দেশের সীমানা পেরিয়ে দিল্লী চলে গেছে। সেই ট্রেনে বাংলাদেশের জনগণ উঠেনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বামদের পরামর্শে বাকশাল কায়েম করার জন্য ক্ষমতা থেকে ২৩ বছরের দুরে চলে গিয়েছিলেন। এবার দেশের ৯৫ ভাগ জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসিরসহ মহানগর বিএনপির নেতারা।
[b]ঢাকা, এমএইচ, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]