বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘সিলেটে এই ভয়াবহ বন্যা ছিল মুমিনদের জন্য পরীক্ষা স্বরূপ। এই বন্যায় জানমালের মারাত্মক ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। তবুও আল্লাহর ওপর ভরসা রেখে ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকার ও সামর্থ্যবানদের সম্মিলিত প্রয়াস। মজলুম সংগঠন হয়েও জামায়াত সাধ্যের সবটুকু উজাড় করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। সারাদেশ থেকে জামায়াতের জনশক্তি সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত সকল এলাকায় ছুটে গিয়েছে।’

মঙ্গলবার সিলেটের মোগলাবাজার রেঙ্গা মাদরাসা-সংলগ্ন এলাকায় ও ফেঞ্চুগঞ্জের ছত্তিশগ্রামে বন্যার্তদের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘সিলেট, সুনামগঞ্জসহ দেশের সকল বন্যাদুর্গত এলাকা সফর করেছি। মানুষের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেছি। স্বজন হারানো ও ক্ষয়ক্ষতির কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। চোখের পানি ছাড়া উপহার দেয়ার মতো পরিস্থিতি ছিল না। মজলুম সংগঠন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সামান্য উপহার ক্ষয়ক্ষতির তুলনায় ছিল নগণ্য। বন্যাদুর্গত এলাকার ভাই-বোনেরা এই বিশাল ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তা ভাবতেও গা শিউরে উঠে। তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বালা-মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, এর পরিত্রাণও আল্লাহ পাক তার কুদরতির মাধ্যমে দেবেন, ইনশাআল্লাহ। তবুও সরকার ও সামর্থ্যবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানো।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নূরুল ইসলাম বুলবুল, সিলেট মহানগরীর আমির জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ আল হোসাইন।

পৃথক স্থানে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আমির জনাব ইমরান আহমাদ চৌধুরী, নায়েবে আমির আবুল কালাম আজাদ, মোগলাবাজার থানা আমির সাব্বির আহমাদ ও সেক্রেটারি জনাব নাজমুল ইসলাম, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম সভাপতি সাহার আহমাদ, মোগলাবাজার থানা জামায়াত নেতা ফজলুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব কামরুল ইসলাম অপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াত নেতা জিয়াউল ইসলাম তুলা, হাফিজ আশরাফ উদ্দিন, হাবিবুর রহমান লিপন, ওয়াহিদুর রহমান খলকু, দেলোয়ার হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল ইসলাম মারুফ
ও মোগলাবাবাজার থানা ছাত্রশিবির সভাপতি শেখুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এমআর