প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত গুম-খুন, হয়রানী নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সভাপতিত্ব করছেন।

বিএনপি ও শ্রমিক নেতারা বক্তব্য দিচ্ছেন। এখন শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপেক্ষা। তার প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে।

ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানসহ এর আশপাশের এলাকা, যেমন মৎস ভবন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছে।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকাল ৪টায় সমাবেশে এসে যোগ দিবেন।

ইতিমধ্যেই জনসমাবেশে এসে আসন গ্রহণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি।

এআই