অবৈধ আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক খুন, গুম চালাচ্ছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে যাতে আন্দোলন গড়ে উঠতে না পারে সে জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা, গুম ও পঙ্গু করার ঘৃণ্য পন্থা অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার।

শুকবার ছাত্রশিবির ঢাকা ক্যাম্পাস অঞ্চলের ‘সদস্য প্রার্থী শিক্ষাশিবিরে’প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী অবৈধ সরকার র‌্যাব, পুলিশ, বিজিবি দিয়ে নিরীহ নারী, শিশু, বৃদ্ধ, আলেম-উলামাদের উপর বর্বর গণহত্যা চালিয়েছে। দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে জনতার উপর হামলা, লুটপাট ও তান্ডব চলাচ্ছে তারা।

তিনি আরও বলেন, ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে লক্ষ লক্ষ ছাত্রের শিক্ষাজীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার আত্মঘাতি খেলা শুরু করেছে আওয়ামী সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী অপশাসনে জনগণ এখন বিক্ষুব্ধ। যে কোন সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। এটা বুঝতে পেরেই আওয়ামী লীগ মাতালের মত আচরণ করছে।

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের পরিচালনায় শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল হালিম এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।

ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর