বিএনপিকে হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন আমাদেরকে হুমকি-ধামকি ‍দিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগ জানে কিভাবে সন্ত্রাস নির্মূল করতে হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোল টেবিল মিলনায়তনে “আধার পেরিয়ে আলো” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় শেখ হাসিনার অবস্থা পঁচাত্তরের মত হতে পারে বলে যে হুমকি দিয়েছেন তার তীব্র সমালোচনা করে হানিফ বলেন- গয়েশ্বরের মত কুলাঙ্গারের জন্য জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছিল। পঁচাত্তর বার বার আসে না। যারা পঁচাত্তরের মত আবারো ষড়যন্ত্র করতে চায় তাদেরকে ষড়যন্ত্রকারী ও দেশদ্রোহী হিসেবে আইনের আওতায় আনা হবে।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কোন উষ্কানীতে কান দিবেন না। সকল ষড়যন্ত্র ও মিথ্যাচার দূর করে দেশ গড়ার কাজে এগিয়ে আসুন।
বইয়ের লেখক মো: মোফাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, অন্বেষা প্রকাশনীর প্রকাশক মো: শাহাদাত হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)এসএইচ[/b]