বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব ও ২০ দলীয় জোটের মূখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের সাথে সাথে লাগাতার কর্মসূচি দেয়া হবে।
রোববার দুপুরে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমছে আর বাংলাদেশে গ্যাস, বিদ্যুত ও তেলের দাম বাড়ছে। সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণেগত আমলেও তারা কয়েক দফা দাম বাড়িয়েছে। এর ফলে দেশের নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, আজকের ২০ দলীয় জোটের বৈঠকে আগামী ১৩ ডিসেম্বের নারায়ণগঞ্জে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়েজিত সমাবেশ সফল করতে যৌথসভায় সিদ্ধান্ত হয়েছে।
সমাবেশে ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
সরকারের আমদানি-রপ্তানির দ্বৈতনীতির কারণে দেশের কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, একদিকে ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে অন্যদিকে দেশের বাইরে চাল রপ্তানির কারণে দেশের খাদ্য মজুত সম্পর্কে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ৫ ডিসেম্বর শেখ হাসিনা ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী খালেদা জিয়া সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন। আজকের সভা থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে একটি বিদেশিদেশ সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়েছে। এই সভা মনে করে এর মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহেদী, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, ন্যাপের মহাসচিব গোলাম মস্তুফা ভূইয়া, খেলাফত মজলিশের আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মুফতি তৈয়বসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএইচ/কেএইচ





