চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে জাতীয় সংলাপ ও সংসদে উচ্চকক্ষ গঠনের আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জনজীবনে শস্তি, নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষে সকল দলের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং এর অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে’ এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
আ স ম রব বলেন, দেশে যে গভীর সংকট বিরাজ করছে তা থেকে বেরিয়ে আসার একটাই পথ খোলা আছে ‘সংলাপ’। এ জন্য দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী সমাজকে নিয়ে সংসদে একটি উচ্চ কক্ষ গঠন করতে হবে। সেখান থেকে জাতীয় সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সকারের একটি রুপরেখা তৈরি করতে হবে।
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার রাজনৈতিক সংকটকে উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে সমাধান করতে চাচ্ছে।
এসময় আগামী ২ মার্চ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আ স ম আব্দুর রব।
সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন
এম/কেএইচ





