দল-মত সব শ্রেণী-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত সঠিকভাবে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাজধানীতে একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ডেমরা থানা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

সেলিম উদ্দিন বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ তথা ছাত্র-যুবক, কামার-কুমার, জেলে-তাঁতি, দিনমজুর-বস্তিবাসী থেকে শুরু করে সমাজের উচ্চ শিক্ষিত সকলের নিকট ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছে দিতে হবে। একটি ইসলামী আন্দোলন হিসেবে এটিই জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্ব।

তিনি বলেন, ইসলাম হলো আমাদের জীবনাচরণকে কুরআন-সুন্নাহর আলোকে বাস্তবে প্রয়োগ করার নাম, যা মানুষের কল্যাণ সাধনের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ইসলামী আদর্শ ধারণ করে সমাজের সকল ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সেলিম উদ্দিন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এদেশের বঞ্চিত অবহেলিত মানুষের সেবায় সাধ্যমত কাজ করে যাচ্ছে। তাই এদেশের মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়। তাই ঘরে ঘরে ব্যাপক গণসংযোগের মাধ্যমে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ জামায়াতের সকল নেতাকর্মীর মুক্তি দাবি করে সেলিম উদ্দিন বলেন, জামায়াত নেতাদের অপরাধ তারা মানুষকে ইসলামের দিকে আহ্বান জানান এবং বাংলাদেশের জামিনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে চান।

তিনি বলেন, নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন-নিপীড়ন চালিয়ে, মিথ্যা মামলায় গ্রেফতার করে, শহীদ করে জামায়াতে ইসলামীর এই আদর্শিক আন্দেলনকে কখনই দমন করা যাবে না।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও ডেমরা থানা আমির মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী, সফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, মির্জা হেলাল উদ্দিন প্রমুখ।

কেএইচ