ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, রবিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং সোমবার দেশের সকল থানা, কলেজ ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির এ কর্মসূচি অনুমোদন করেন। একই সঙ্গে হাবিবকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, অবৈধ আওয়ামী সরকার দেশের সকল প্রচলিত আইন, মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারসমূহকে পদদলিত করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানির পথ বেছে নিয়েছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে বাকশাল কায়েমের অপচেষ্টায় লিপ্ত আছে।
বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে দেশকে বিরোধী দলশূন্য করার অশুভ ও অপপ্রয়াস থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করে অবিলম্বে ছাত্রদলের সাধারণ সম্পাদকের মুক্তির দাবি জানান তারা।
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক এনাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জয়দেব জয়ের নেতৃত্বে শনিবার দুপুর ১টায় ফকিরাপুল মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে দৈনিক বাংলা পর্যন্ত প্রদক্ষিণ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান খাদেম, মতিঝিল থানার সাবেক সভাপতি রাজন, পল্টন থানার সভাপতি ইকবাল, মতিঝিল থানা ছাত্রদলের আহ্বায়ক আফছার হোসেন ফারুক ও শ্যামপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকতসহ অর্ধশত নেতাকর্মী। পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ মিছিল থেকে মনির হোসেন, ফয়সাল, কামাল ও মিলন নামের চার ছাত্রদলকর্মীকে গ্রেফতার করে।
ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজের ছাত্রদল নেতা হিমেল হক, হিমেল ভূঁইয়া ও মেহেদী হাসানসহ ৬০-৭০ জন নেতাকর্মী।
ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে বিকেল ৩টায় গ্রীন রোডে বিক্ষোভ মিছিল হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শরীফ ও সহ-সাধারণ সম্পাদক নজরুল, ধানমন্ডি থানা ছাত্রদল নেতা সৈকত, নিউমার্কেট থানা ছাত্রদল নেতা সোহেলসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টুর নেতৃত্বে দুপুর ২টায় ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল হয়।
ছাত্রদল আবুজর গিফারী কলেজ শাখার সভাপতি এস এম রাসেলের নেতৃত্বে দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মৌচাক পর্যন্ত প্রদক্ষিণ করে।
এ ছাড়াও ছাত্রদল সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে নরসিংদী, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহী, হবিগঞ্জ, চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল হয়।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইনিউজবিডি.কম, জেএ





