এনআরসি থেকে বাদ পড়া অধিকাংশকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছেন ভারতের অনেক রাজনীতিবিদ, তাই এনআরসি শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বাংলাদেশের উদ্বেগের কারণ আছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০৭ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব বলেন, ‘এনআরসির পর সম্প্রতি ভারতের কিছু পত্র পত্রিকায় দেখা গেছে আসামের মন্ত্রীবর্গ, বিজেপির কিছু নেতা, কেন্দ্রীয় কয়েকজন মন্ত্রী বলেছেন আসামে যে নাগরিক পঞ্জি তৈরী করা হয়েছে এরমধ্যে যে ১৯ লক্ষ নাগরিক বাদ পড়েছে তাদের অধিকাংশই বাংলাদেশি। আমরা এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের বক্তব্য কিছুটা উদ্দেশ্যপ্রণোদিত।’
মির্জা ফখরুল বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের এই বক্তব্যে আমাদের সরকার একেবারেই নীরব রয়েছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই নীরব থাকার পরিষ্কার ব্যাখ্যা চাই।’
স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমেদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু।
এসএম





