বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিতে আসতে শুরু করেছেন বিদেশি অতিথি এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন কর্মকর্তারাও।
শনিবার সকাল ১০টায় এ কাউন্সিল শুরু হয়। তবে সকাল ৯ট থেকেই আসতে শুরু করেন বিদেশি অতিথি এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন কর্মকর্তারা।
এখন পর্যন্ত বিদেশি ডেলিগেটদের মধ্যে এসেছেন- সস্ত্রীক শিকাগোর একজন কাউন্সিলর, ব্রিটিশ হাইকমিশনের একজন রাজনৈতিক কর্মকর্তা, ব্রিটিশ লেবার পার্টির একজন এমপি ও দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সাবেক এমপি। তারা সবাই আজ (শনিবার) সকালেই বাংলাদেশে এসেছেন।
এছাড়া বাংলাদেশে অবস্থিত ইতালি, শ্রীলংকা, কুয়েত, ভারত ও অস্ট্রেলিয়ান দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা কাউন্সিলস্থলে এসে পৌঁছেছেন।
কাউন্সিলে তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণ করবেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হয় কাউন্সিলের মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাউন্সিলের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।
সবশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল।
‘মুক্ত করবই গণতন্ত্র’ প্রতিপাদ্য সামনে রেখে এবারের কাউন্সিলের স্লোগান- ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ।’ অবশ্য বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল আলাদা আলাদা স্লোগান ঠিক করেছে। নিজ নিজ সংগঠনের পক্ষে পোস্টার, ব্যানার ও ফেস্টুন তৈরি করেছে তারা।
আয়োজনে অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড্রাফটিং উপ-কমিটির আহ্বায়ক হন নজরুল ইসলাম খান, ব্যবস্থাপনা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিক উপ-কমিটির আহ্বায়ক হন সাংবাদিক শফিক রেহমান, প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক হন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চিকিৎসা উপ-কমিটির আহ্বায়ক হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, তথ্য ও যোগাযোগ উপ-কমিটির আহ্বায়ক হন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার ও আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক হন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
এসটি





