দেশে বর্তমানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এজন্য ৫ জানুয়ারিতে ঢাকায় সমাবেশ করতেই হবে। আর এজন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতারা যোগাযোগ রাখছেন ক্ষমতাসীনদের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, বিএনপি নয়, বরং আওয়ামী লীগ নেতারাই বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছে। তারা (আওয়ামী লীগ) অনেকেই দেশের বাইরে বাড়ি বানিয়ে রেখেছে।
উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে রিজভী আহমেদ বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ছাত্রদল সাহসী ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলনেও ছাত্রদল নেতাকর্মীরা অতীতের মত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল প্রমুখ।
এমএইচ, জেএ





