বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন যে গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
কিন্তু তার পরিবার সালাহউদ্দিন কাদের চৌধূরীর সাথে সর্বশেষ সাক্ষাৎ করে দলকে অবহিত করেছেন যে, তিনি দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষা চাননি।
তার পরিবার বিএনপিকে আরও অবহিত করেছেন এ মর্মে একটি বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চলছে, যা আদৌ সত্য নয়।
শনিবার রাত ১১টা ৪৯ মিনিটে গণমাধ্যমে প্রেরিত দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবী করেন বিএনপির মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন।
তার পরিবার বিএনপিকে আরো অবহিত করেছেন যে অভিযোগে তাকে প্রাণদন্ড দেয়া হয়েছে, এ ধরনের কোন অপরাধ তিনি করেননি যা তিনি নিজেকে নির্দোষ প্রমান করতে আদালতেও যুক্তি ও দালিলিক প্রমান দাখিল করেছিলেন। কিন্তু তিনি ন্যায় বিচার পাননি।
তার পরিবার দলকে আরো জানিয়েছেন তিনি নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ন্যায় বিচার লাভ করবেন।
এমএইচ





