নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল’সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এসময় ভোট নিয়ে নানা অভিযোগ তুলে ধরে বিএনপি প্রার্থী জনান, ভোটে কোন রকম নিয়ম মানা হচ্ছে না। বিএনপির এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা বার বার পুলিশ প্রশাসনকে এসব জানিয়েও কোন লাভ হয়নি।
তিনি আরও জানান, এটাকে কোন নির্বাচন বলা যায না। এখানে সরকার, নির্বাচন কমিশনার ও আইন-শৃঙ্খলা এক ও অভিন্ন। এই নির্জলজ্জ কমিশনারের কাজের এবং কথায় কোন মিল নেই। সরকারের এটি প্রহসনের নির্বাচন, সাজানো নির্বাচন ও পূর্বপরিকল্পিত নির্বাচন। তাই এই নির্বাচন আমরা মানি না। এজন্য বিএনপি এই প্রশাসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং বর্জন করছি।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে দেশের দুই সংসদীয় আসন যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ শুরু হয়।
নওগাঁ-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, “শান্তিপূর্ণ ভোট চলছে। বেলা ১টা পর্যন্ত অনেক কেন্দ্রে প্রায় ২০% ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতিও রয়েছে। দেখা যাক।”
নওগাঁ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, “সকাল ৯টা থেকে ইভিএমে ‘সুন্দরভাবে’ ‘শান্তিপূর্ণ পরিবেশে’ ভোট চলছে। কোথাও কোনো ত্রুটি দেখা দেয়নি ইভিএমে।”
এমবি





