গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ডেঙ্গু মহামারী আকার ধারণে জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত।
তিনি আরও বলেন, সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ।
বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এইসব কথা বলেন।
ড. কামাল বলেন, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্য মন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এই সময়ের ভূমিকা নিন্দনীয়।
গণফোরাম সভাপতি বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঔষধ আমদানীর ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, তা কারো কাম্য ছিল না।
অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এই ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান ড. কামাল।
এমবি





