রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না করলে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী ছাত্রশিবির। সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলে নেতারা এ হুশিয়ারি উচ্চারণ করেন।
শিবির নেতারা বলেন, দেশ বিদেশে প্রত্যাখ্যাত অবৈধ আওয়ামী সরকার ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে। গণআন্দোলনের ভয়ে তাদের কলিজা শুকিয়ে গেছে। তাই কাপুরুষের মত র্যাব-পুলিশকে অপব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে যাচ্ছে।
নেতারা বলেন, সাহস থাকলে রাজপথে আসুন। ছাত্রজনতাকে সাথে নিয়ে ছাত্রশিবির একাই আপনাদের মোকাবেলা করবে। পুলিশ দিয়ে গ্রেপ্তার নির্যাতন করা কাপুরুষতার নামান্তর। অবিলম্বে ড. শফিকুল ইসলাম মাসুদকে মুক্তি দিতে হবে। যদি তার সামান্যতম ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে আন্দোলনের দাবানল সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আর তখন যে কোন পরিস্থিতির দায় পুলিশ নির্ভর অবৈধ আওয়ামী সরকারকেই বহন করতে হবে।
ঢাকা মহানগরী পূর্ব: ড.শফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগরী পূর্ব রাজধানী মাদারটেক এলাকায় সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা ও মহানগরী সভাপতি রেজাউল হক রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি এম শামিম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, তোজাম্মেল হক, সোহেল রানা মিঠু, গোলাম কিবরিয়া, আবদুল কাদের প্রমুখ।
রাজশাহী মহানগরী: একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির রাজশাহী মহানগরী। রোববার দুপুর ১২টার দিকে প্রচার সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে মিছিলটি নগরীর কোর্ট স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অক্ট্রয়ের মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে মহানগর ছাত্রশিবিরের পাঠাগার সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, নিউ গভঃ ডিগ্রী কলেজ সভাপতি, বোয়ালিয়া উত্তর থানা সভাপতি, রাজপাড়া পূর্ব ও পশ্চিম থানা সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা মহানগরী: ড. মাসুদসহ জামায়াতের ১৯ নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা। সকালে নগরীর দোলখোলা মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মহানগরী শিবিরের অর্থ সম্পাদক হাদিসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রকল্যান সম্পাদক এস.এম. আক্তারুজ্জামান, হুমায়ুন কবীর, আব্দুর রাজ্জাক, এম. ও. রহমান, আবু বকর সিদ্দিক, আরাফাত হোসেন, মারুফ বিল্লাহ, রাফসান জানি, রহমত আলী প্রমুখ।
বরিশাল মহানগরী: জামায়াত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল নগরীর বটতলা এলাকা থেকে দুপুর ১টায় ছাত্রশিবির বরিশাল মহানগরী সভাপতি আহমদ শিহাবের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সেক্রেটারী রেদওয়ানুল ইসলামসহ মহানগরী নেতৃবৃন্দ। মিছিল শেষে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





