পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীর শ্লীলতাহানির ঘটনার দুই দিন পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগ। বিবৃতিতে ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় বাংলাদেশ ছাত্রলীগ।

বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘বাংলা নতুন বছর উপলক্ষে গত মঙ্গলবার বিকালে ৩০-৩৫ জনের একদল বখাটে যুবক বেশ কয়েকজন নারীর শ্লীলতাহানি করে। তারা আগন্তুকদের যৌন হয়রানিরও চেষ্টা করে। জাতির জনকের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ এই হীন ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।’

বিবৃতিতে, অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট জোরালো দাবিও করেন তারা।

এতে তারা আরো বলেন, ‘যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় না, সাম্প্রদায়িকতার বিষবাষ্প সমাজ-রাষ্ট্রে ছড়িয়ে দিতে চায়- তারাই হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বাঙালি জাতিসত্ত্বার প্রাণের অস্তিত্ব এ নববর্ষে কালিমা লেপনের চেষ্টা করেছে। বিষয়টির গভীরতা বিচার করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’

কেএইচ