দেশের জণগণের মধ্যে গুম-খুনের ভীতি ছড়িয়ে অবৈধ স্বৈরশাসন দীর্ঘস্থায়ী করা যাবে না।
বক্তারা বলেন দেশকে একটি মৃত্যু উপত্যকা তৈরী করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করছে। এই গুম-খুন ও নির্যাতনের পরিণতি কতটা ভয়াবহ হবে সময় তা বলে দিবে।
রোববার জাতীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশে অব্যাহত গুম খুনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে ১৯ দলীয় জোটের নেতারা এসব কথা বলেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন, ১৯ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহেদী ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট কাজী জাফর আহমেদ, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ডেমোক্রেটিক লীগ-ডিএলের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার প্রমূখ।
অন্যদিকে সময় গড়িয়ে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে অনশনে নেতাকর্মীদের উপস্থিতি কয়েকগুন বেড়েছে। প্রেসক্লাবের গন্ডি ছাড়িয়ে এর আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়েছে। এতে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে গাড়ি চালকদের।
এদিকে লোকসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে এ বাহিনীর সদস্যদের।
ঢাকা, এমএইচ, ০৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর





