সরকারের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দৈনিক যুগান্তরের শেষ পৃষ্ঠায় “সরকার পতনে ৩৭ জেলায় শিবিরের নাশকতার ছক” শিরোনামে ২৫ মে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, ‘সরকার পতনে ৩৭ জেলায় শিবিরের নাশকতার ছক’শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এ প্রতিবেদনে ‘অসাংবিধানিক উপায়ে ক্ষমতাচ্যূত করার পরিকল্পনার মূলে ছিল জামায়াত। এ পরিকল্পনায় জড়িত ছিল ছাত্রশিবিরের ৩৮ নেতা’ মর্মে যে সব আজগুবি তথ্য প্রকাশ করা হয়েছে তা সবই মিথ্যা।‘

হামিদুর রহমান আযাদ বলেন, এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অসাংবিধানিক উপায়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ৩৭ জেলায় নাশকতার ছক ও পরিকল্পনা গ্রহণের প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্য করার হীন উদ্দেশ্যেই এ মিথ্যা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এভাবে আষাঢ়ে গল্প প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”

এমকে