প্রথমবারের মতো হাসপাতালে ঈদ করছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে চারবার কারাগারে ঈদ করেন তিনি। এ নিয়ে পঞ্চমবারের মতো কারা হেফাজতে ঈদ করলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে তার সাথে সাক্ষাৎ করেন পরিবারের সদস্যরা। সাক্ষাতে ছিলেন ভাই শামীম ইস্কান্দর, তাঁর স্ত্রী, ছেলেমেয়েসহ মোট ৭ সদস্যের প্রতিনিধি।
তবে স্বজনরা দেখা করতে পারলেও অনুমতি পাননি দলের নেতাকর্মীরা। এটাকে কারাবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গত বছর আমরা এখান থেকে কারাগারে গিয়েছিলাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু সেখানে দেখা করতে দেওয়া হয়নি, বাধা দিয়েছে। এবারও আমরা আগেই চিঠি দিয়েছিলাম যে, এবার নেতৃবৃন্দকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য। সরকার সেই অনুমতি আমাদের দেননি। যেহেতু নেত্রী এখন হাসপাতালে আছেন, সেই কারণে আমরা হাসপাতালের সামনে যাইনি। যেহেতু হাসপাতাল সেই কারণে সেখানে যাওয়ার সিদ্ধান্ত আমরা নেইনি।’
গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়েছিলেন আদালত। পরে গত ৩০ অক্টোবর হাইকোর্ট এ মামলায় সাজা বৃদ্ধি করে ১০ বছর করেন।
অপরদিকে গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া পুরান ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছিলেন। এর মধ্যে গত ১ এপ্রিল তাঁকে চিকিৎসার জন্য রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অবস্থান করছেন।
জেড





