সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপনের পর অপসারিত ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপনের প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হেফাজত ইসলামের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতের নেতারা বলেন, ‘কার ইশারায় ভাস্কর্যটি পুনরায় স্থাপন করা হয়েছে জাতি জানতে চায়। ঈদের আগেই ভাস্কর্যটি পুনরায় অপসারণ করতে হবে। যে সকল মুসলমান ভাস্কর্যের পক্ষে কথা বলেন, তাদের নামের শুরুতে শ্রী লিখতে হবে।’

শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জুম্মার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

এসময় সংগঠনটির নেতারা বলেন, ‘এই ভাস্কর্যের সঙ্গে মুক্তিযুদ্ধের কোন সর্ম্পক নেই। বাঙালী সংস্কৃতির সঙ্গেও ভাস্কর্যটির কোন সর্ম্পক নেই।’

তারা বলেন, ‘ভাস্কর্যের হাতে তরবারি দিয়ে সুপ্রিম কোর্ট থেকে জঙ্গিবাদ উস্কে দেওয়া হচ্ছে। আমরা গ্রিক দেবীকে (ন্যায়বিচারের প্রতীক) দেশের কোথাও দেখতে চাই না।’

সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্যটি স্থাপনের পর হেফাজতের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি অপসারণ করা হয়। এদিকে হেফাজতে ইসলামের বায়তুল মোকাররমে অবস্থান ঘিরে সতর্ক অবস্থায় ছিলো পুলিশ।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি নূর হোসেন কাসেমীর সভাপিতত্বে বক্তব্য রাখেন হেফাজতে ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মাওলানা আহাদ আলী কাসেমী, মুফতি শরিফুল্লাহ, মাও. ফয়সাল প্রমুখ।
জেড/খাজা