ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সৃষ্ট সংঘর্ষে নেতা-কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ পথে রাখা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন।
রবিবার দুপুরে ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কার্যালয় ভাঙচুরের সময় এ ঘটনা ঘটান। এতে ম্যুরালটির কাঁচ ভেঙ্গে গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন এই প্রতিবেদককে জানান সংঘর্ষে অংশ নেয়া যাদেরকে দেখে ছাত্র মনে হয় না এমন কয়েকজন লাঠি দিয়ে জিয়াউর রহমানের ম্যুরাল কাঁচ ভাঙচুর করেছেন। এসময় ছাত্রদলের পদবঞ্চিত কয়েকজনকে নেতাকে তাদের নিবৃত্ত করতেও দেখা যায়, কিন্তু এতে তারা থামে নি। এসময় ইট পাটকেলের আঘাতে দলীয় কার্যালয়ের জানালার কাঁচও ভেঙ্গে ফেলা হয়েছে। এমন কি দলীয় কার্যলয়ে অবস্থিত ৩য় তলায় মহাসচিব ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কক্ষের জানালার কাঁচও ঢিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন কমিটি নিয়ে গত কয়েক দিনের অস্থিরতার মধ্যে রবিবার সকাল থেকেই পদপ্রাপ্ত ও পদবঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পক্ষে-বিপক্ষে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে বেলা সোয়া ২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নিজেদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালান। বিদ্রোহী গ্রুপ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেও নতুন কমিটির নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান করেন।
এ ছাড়া ককটেলের আঘাতে ছাত্রদল কর্মী মাসুম সবুজ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএইচ





