গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে দেয়া আদেশের বিরুদ্ধে আজ আপিল বিভাগে আবেদন করবেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ (সোমবার) দুপুরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে চেম্বার আদালতে অনুমতির জন্য যাবেন তার আইনজীবীরা।

হাসান উদ্দিন সরকারের অন্যতম আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (০৬ মে) সীমানাসংক্রান্ত জটিলতার কারণে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ৬টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুলও জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার’সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

আদালতে গতকাল (রোববার) সকালে রিট আবেদনটি দায়ের করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত।

এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গত ৪ মার্চ সিটি করপোরেশনের সীমানা নিয়ে গেজেট জারি হয়। যেখানে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগকে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন। গাজীপুর মহানগর জামায়াত আমির এস এম সানাউল্লাহ স্বতন্ত্র পদে সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন।

পরে তিনি ২০ দলীয় জোটের সিদ্ধান্তে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছেন এবং তার প্রার্থীতা প্রত্যাহার করে হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন। বিএনপির দাবি, দলটির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেওয়ায় জামায়াতের প্রার্থী সানাউল্লাহ’কে নেতাকর্মী’সহ অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ।    

এমবি