কালশী হত্যাকাণ্ডেজড়িত থাকার অভিযোগে স্থানীয় এমপি ইলিয়াস মোল্লাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন,যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সবাই চেনে।এ ঘটনায় বিচারের আশ্বাসে আশ্বস্ত না হয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়া দরকার।

নারায়ণগঞ্জের চেয়েও কালশীর হত্যাকাণ্ড ভয়াবহ ও অমানবিক উল্লেখ করে তিনি বলেন দেশটা মৃত্যু উপত্যকা নয় যে, যার যা ইচ্ছা তাই করে যাবে। ১০ জনকে পুড়িয়ে ও গুলি করে হত্যার মতো এ রকম পাশবিক ঘটনা আগে কখনও দেখিনি।

বৈঠকে পুলিশের গুলিতে নিহত আজাদের স্ত্রী ও ভাই এবং একই পরিবারের নিহত ৯ জনের অভিভাবক ইয়াসিন ওইদিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্স ইউনিট (রামরু) আয়োজিত ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বৈঠকে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মৌলিক অধিকার রক্ষা কমিটির নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, উর্দূভাষীর পক্ষে অ্যাডভোকেট খালেদ হাসান, জাতীয় মুক্তি কাউন্সিলের ফজলুল হাকিম লালা, সাংবাদিক আসাদ চৌধুরী, কালশী এলাকার কাউন্সিলর মেহেরুন্নেসা, নিহতের স্বজন শাহেদ আলী বাবলু মানুষের জন্য ফাউন্ডেশনের রিনা রায়, উর্দূভাষী যুবক হাসান প্রমুখ।

ড. শাহদীন মালিকের পরিচালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন রামরু’র সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিআর আবরার।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ