বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও তাজকিয়া অর্জনের মাস। এ মাসেই বিশ্বমানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে। সুরা বাকারার ১৮৫ নং আয়াতে বলা হয়েছে, ‘রোজার মাস এমন একটি মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে। আর তা হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎপথের সুষ্পষ্ট নির্দশন, হক্ব ও বাতিলের পার্থক্যকারী’। তাই এই মহিমান্বিত মাসে সিয়াম ও কিয়াম পালন এবং সাদাকাতুল ফিতর ও যাকাত আদায়ের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে।

তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পূর্ব থানা আয়োজিত স্থানীয় দ্ররিদ্রদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি আনিসুর রহমান, জামায়াত নেতা ফিরোজ আলম ও জয়নাল আবেদীন খান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, সরকার পবিত্র মাহে রমজান মাসে রোযাদারদের সিয়াম পালন নির্বিঘ্ন করতে পারেনি। ঢাকা নগরীতে সুপেয় পানির তীব্র সংকট চলছে। সরকার এ মাসে গ্যাসের সরবরাহ নির্বিঘ্ন করতে পারেনি। এমনকি ঢাকাকে লোডশেডিং মুক্ত করা সম্ভব হয়নি। পবিত্র রমজান মাসে নগরীতে দ্রব্য পরিস্থিতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। এমনকি সরকার রমজানের পবিত্রতা রক্ষা করতেও পারেনি। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেও সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বন্ধ করতে পারেনি অশ্লীলতা, বেহায়াপনা এবং নারীর নগ্ন প্রদর্শনী।

তিনি রোজাদারদের রোজা পালনকে নির্বিঘ্ন করতে নগরীর পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকীকরণ সহ রমজানের পবিত্রতা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, রমজান মাসের শেষ দশক শুরু হচ্ছে। এই দশক ইতেকাফের দশক। ইতিকাফ পালন সুন্নতে মুয়াকাদ্দায়ে কেফায়া। আর আসন্ন ঈদও অত্যাসন্ন। তাই সবার জন্য ঈদযাত্রাও নির্বিঘ্ন করা সরকারের দায়িত্ব। ঈদের খুশী যাতে শ্রেণীর বিশেষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বজনীন হয় সে জন্য সরকারকে যথাযথা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজন বোধে ঈদ সামগ্রী দরিদ্র জনগোষ্ঠীর ঘরে পৌঁছানোর দায়িত্বও রাষ্ট্রের।

তিনি আসন্ন ঈদের আনন্দ সকল শ্রেণীর মানুষের সাথে ভাগাভাগী করার জন্য জামায়াতের সকল স্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আর্ত-মানবতার কল্যাণই ইসলামের মূল আদর্শ। আর জামায়াতে ইসলামী একটি গণমুখী, কল্যাণকামী, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দল। তাই মানুষের কল্যাণকামীতার অংশ হিসাবে পবিত্র মাহে আমরা রমজানে দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে ফুড প্যাকেট বিতরণ করছি। এতে কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।

মহানগরী আমির সাধারণ রোজাদার দুর্দশা লাঘবে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান মানুষসহ সকল শ্রেণী ও পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

হাতিরঝিল থানা পশ্চিম বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিম অয়োজিত এক ভার্চুয়াল কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

থানা আমির মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু ইহসান। আলোচনা পেশ করেন থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য আবু তানজিল, থানা কর্মপরিষদ সদস্য আবু তানজিল, কলিম উল্লাহ, গোলাম মাওলা ও আবু সাঈদ মণ্ডল প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস