ঈদের পরপরই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতিমণ্ডলীর পদ থেকে সরিয়ে দেয়া হবে আব্দুল লতিফ সিদ্দিকীকে। অপরদিকে রাষ্ট্রপতি দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীকে অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সিনিয়র কয়েক জন নেতা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তাদের এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া লতিফ সিদ্দিকীর ব্যাপারে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে সে সব বিষয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তুলে ধরবেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন ডেকেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে লন্ডন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সন্ধ্যায় আওয়ামী লীগের কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করতে যান। 

সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর পদ থেকেও দ্রুতই তাকে অব্যাহতি দেয়া হবে।

ঈদের পরপরই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা ডাকা হবে। এই সভায়ই লতিফ সিদ্দিকীকে সভাপতিমণ্ডলীর পদ থেকে বাদ দেয়া হবে বলেও তিনি নেতাদের জানিয়েছেন।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি নিউইয়র্ক থেকে লন্ডনে আসার পথে বিমানেই লতিফ সিদ্দিকীর এ ধরনের বক্তব্যের কথা শুনেছি। লন্ডনে নেমেই আমি তাৎক্ষণিকভাবে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্তের কথা জানিয়েছি। শুধু মন্ত্রিত্ব নয়, দলের পদ থেকেও তাকে বাদ দেয়া হবে।’

এ সময় যারা উপস্থিত ছিলেন তারা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চাওয়া হলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিদেশ থেকে ফিরেছেন এ কারণে আমরা দেখা করতে গিয়েছিলাম। সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে। লতিফ সিদ্দিকীর বিষয়ে কি বলেছেন জানতে চাওয়া হলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যা বলার প্রধানমন্ত্রী শুক্রবার সংবাদ সম্মেলনে বলবেন।

উল্লেখ্য, নিউইয়র্কে দেয়া বিতর্কিত বক্তব্যের কারণে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মঙ্গলবারই মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীকে অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এএইচ