জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে প্রথম দফায় বৃহস্পতিবার সারাদেশে হরতাল পালন করেছে দলটি।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলে এ হরতাল। আগামী রোববার দ্বিতীয় দফায় পালন করবে ২৪ ঘণ্টার হরতাল। সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে সেদিনের হরতাল।
এছাড়াওআজ শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া করা হবে এবং আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ পালন করবে জামায়াতে ইসলামী।
এর আগে বুধবার সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা সাঈদীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মাওলানা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচসদস্যের আপিল বেঞ্চ সংক্ষিপ্তভাবে এ রায় দেন। এর পরই জামায়াতে ইসলামী হরতালসহ এসব কর্মসূচি ঘোষণা করে।
রায়ে মাওলানা সাঈদীর বিরুদ্ধে আলোচিত ১০ নম্বর অভিযোগ বিশাবালী হত্যাকাণ্ডে আমৃত্যু কারাদণ্ড, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে জাবজ্জীবন, অপর আলোচিত আট নম্বর অভিযোগ ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ডে ১২ বছরের সশ্রম কারদণ্ড, সাত নম্বর অভিযোগে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ছয়, ১১ ও ১৪ নম্বর অভিযোগে খালাস দেয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল আপিল বিভাগে মাওলানা সাঈদীর আপিল মামলার সব কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখা হয়। তার পাঁচ মাস শেষে আজ চূড়ান্ত রায় দেয়া হলো।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





