জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন, রাজশাহী মহানগরীর পুলিশ ছাত্রশিবির কর্মী সবুজ আলীর পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত ও পঙ্গু করে দিয়েছে। সবুজকে গ্রেফতার করার পর মতিহার থানার পুলিশ ১০ মার্চ সকালে তাকে গ্রেফতার করার কথা স্বীকার করলেও বিকালে তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে এবং গভীর রাতে তাকে নৃশংসভাবে গুলি করে আহত করে। পুলিশের এই আচরণ সম্পূর্ণ মানবতাবিরোধী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছে। মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস, টেন্ডারবাজি, ছিনতাই দেশে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে।

দেশে প্রশাসন ব্যবস্থা বলতে কিছু নেই। সরকারের একগুঁয়েমি ও হঠকারিতায় দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই ধস নেমে এসেছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনৈতিক দমন-পীড়নে ব্যস্ত।

বিবৃতিতে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ (১১ মার্চ) পুলিশ সাতক্ষীরা থেকে ৮৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গণগ্রেফতারের পর সরকারের জুলুম নিপীড়নের হাতিয়ার ভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরায় ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রংপুর জেলার মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান।

সরকারের এই জুলুম, নিপীড়ন ও গণগ্রেফতার করে জনতার আন্দোলন দমন করা যাবে না বলেও জানান তিনি।

কেএইচ