বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি সংগঠিত হোক সরকার চায় না। বিএনপির পুনর্গঠন ও কাউন্সিলকে বাধাগ্রস্ত করতে সরকার মিথ্যা মামলায় চার্জশিট প্রদান করছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরে নাশকতার মিথ্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যারয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের দাবি করছি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা সকল মামলা বাতিলের আহবান জানাই।
তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে তার সাংবিধানিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই তারেক রহমানের।
আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিদের্শে দলের পুনর্গঠন চলছে। সরকার তাতে নানা ভাবে বাধা দিচ্ছে। তবুও পুনর্গঠন চলছে, চলবে। আমাদের অনেক নেতাকর্মী মিথ্য মামলায় জর্জরিত।
জামিন চাইতে গেলে কারাগারে পাঠিয়ে দেয়া হচ্ছে। বিএনপি সংগঠিত হোক সরকার চায় না। গণতন্ত্রে কার্যকরী ভূমিকা রাখুক তা সরকার চায় না। ব্যক্তিগত চরিতার্থ করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, বিরোধী দল নিমূর্লে ষড়যন্ত্র করছে সরকার। গাজীপুরের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বলেছে তারেক রহমান নাশকতায় অর্থের যোগান দিয়েছে। এ মিথ্যা মামলায় চার্জশিট দিয়েছে। এসব অভিযোগ সত্যের অপলাপ ছাড়া কিছুই নয়। এতে আমরা আশঙ্কা করছি তিনি ন্যায় বিচার পাবেন না।
বিএনপির এই নেতা বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে অনেক দলবাজ লোকজন রয়েছে তাদের ব্যাক্তিগত স্বার্থ ও নানা আকাঙ্খা চরিতার্থ করার জন্য সরকারের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত রাজনৈতিক দলের নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কর্মকান্ডে লিপ্ত হয়।
এই সমস্ত দলবাজ ও মতলব বাজ কর্মকর্তার ব্যাপারে সরকারকে সর্তক থাকার আহবান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন সরকার চায় না কার্যকর বিরোধী দল থাকুক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় প্রমুখ।
এমএইচ/এআই





