কাশিমপুর কারাগারে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি তার স্ত্রী আরজুমান আরা বেগম কাশিমপুর কারাগারে রিজভীর সাথে দেখা করে এসেছেন।
আজ শনিবার তিনি সাংবাদিকদের বলেছেন, রিজভীর ডায়াবেটিকস বেড়ে গেছে। পেটের পীড়াসহ নানা অসুখে ভালো নেই সে। উন্নত চিকিৎসার জন্য তাকে এখনি মুক্তি দেয়া প্রয়োজন।
নব্বইয়ের গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে রুহুল কবির রিজভীর অন্ত্রনালী ছিদ্র হয়ে যায়। সার্জারি করার পরও প্রায়ই সেখানে এক ধরনের ব্লক তৈরি হয়। এর ফলে গুরুতর পেটের পীড়া দেখা দেয়।
তখন তিনি কিছুই খেতে পারেন না। অনবরত বমি করতে থাকেন। কারাগারে যাওয়ার পর নিয়মিত চিকিৎসকের পরামর্শমতো খেতে না পারায় তার এ সমস্যা এখন বেশ প্রকট হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।
গত ১৮ আগস্ট বেশ কয়েকটি মামলায় নিম্ম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন রিজভী। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।
উচ্চ আদালত তার পাঁচটি মামলায় জামিন বহাল রাখেন। তবে একটি মামলায় জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন।
এর আগে বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় বারিধারা থেকে গ্রেফতার হন রিজভী। ওইসময় এক মাসের বেশি সময় রিমান্ডে ছিলেন তিনি।
এমবি





