খালেদা জিয়াকে সভা-সমাবেশ প্রতিহতের হুমকি দিয়েছে ছাত্রলীগ। তাদের দাবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে তারেক রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ-মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তি করে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাকে (তারেক রহমান) বিএনপি থেকে বহিষ্কার করতে হবে।
সোহাগ বলেন, যেখানে তিনি (খালেদা) সমাবেশ করবেন সেখানেই ছাত্রলীগ সমাবেশ ডাকবে। তাকে প্রতিহত করা হবে।
ছাত্রলীগ সভাপতির বক্তব্য সমর্থন করে খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এই দায়িত্ব ছাত্রলীগকেই পালন করতে হবে।
বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর হায়দার চৌধুরী রোটনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসএইচ





