ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাইর পীর সাহেবের ভাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম গত ১১ জুলাই সৌদি আরব থেকে দেশে ফিরে “জামায়াতের লোকজন তাকে গোয়েন্দা দিয়ে গ্রেফতার করিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিল” মর্মে যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন ও মিথ্যা এবং এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি মুজিবুর রহমান রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

মুজিবুর রহমান বলেন, গত জুন মাসে তিনি সৌদি আরবে গিয়ে গ্রেফতার হওয়ার ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই। কাজেই তাকে মেরে ফেলার জন্য জামায়াতের চক্রান্ত করার প্রশ্নই আসেনা। তিনি জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ তার মনগড়া ও কাল্পনিক।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই তিনি তার মন্তব্যের সত্যতা কখনো প্রমাণ করতে পারবেন না। তার সাথে জামায়াতে ইসলামীর কোন শত্রুতা নেই।

কাজেই জামায়াতের লোকেরা তাকে গ্রেফতার করাতে কিংবা মেরে ফেলার চক্রান্ত করতে যাবে কেন? অন্যের ক্ষতি করার চক্রান্তের রাজনীতিতে জামায়াতে ইসলামী কখনো বিশ্বাস করে না।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাইর পীর সাহেবের ভাই মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমের প্রতি আহ্বান জানান।

এমকে