আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছে এবং আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর পরবর্তীতে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না।

আজ (০৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন- অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যে কোনও নেতিবাচক ঘটনায় দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলোকে যেনও ম্লান না হয় সেদিকে সতর্ক থাকবেন।”

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনও অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, “মিমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোনও সুযোগ নেই। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনও বাধা দিবে না। তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।”

এমবি