জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রজম্মের ‘মা’ আখ্যায়িত করে গান গাইলেন শামীম ওসমান।
বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ২২তম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি গান ধরেন।
‘এই দেশটা আমাদের মা। এই দেশের চোখে আজ অশ্রু। এই দেশটা আজকে কাঁদছে। আমরা এই অশ্রুটা মুছতে চাই। এই দেশটা যদি মা হয়, তাহলে মায়ের প্রতিচ্ছবি হচ্ছে শেখ হাসিনা।’
শামীম ওসমান বলেন, ‘বার্ণ ইউনিটে অজস্র ধারায় তার চোখের পানি পড়েছে। তা শেখ হাসিনার চোখের পানি নয়। তা দেশ মাতৃকার চোখের পানি। সে সহ্য করতে পারছে না।
বঙ্গবন্ধু বলেছিলেন, শহীদদের রক্তের উপর পাড়ি দিয়ে শেখ মুজিবুর রহমান কোন আলোচনায় বসতে পারেন না। আর শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বলতে চাই, আগুনে পোড়া মানুষের লাশের উপর পা দিয়ে শেখ হাসিনা কোন জঙ্গি ও সন্ত্রাসী নেত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন না।
এরপর তিনি বলেন, ‘শিল্পী মমতাজের মতো তো গান গাইতে পারি না। পারলে গাইতাম।’ এসময় শামীম ওসমান সুর করে বলেন, ‘দেশের চোখে আজ পানি। তার প্রতিচ্ছবি আমাদের সামনে বসা। শুধু এই টুকুই বলবো।’
তিনি আরো বলেন, ‘এখন সেনাবাহিনীর প্রতি দরদ দেখান। সেনাবাহিনীর জন্য যদি কেউ কিছু করে থাকে তা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকারই করেছে।
বঙ্গবন্ধু সেনাবাহিনীর সকল সদস্যকে ভাইয়ের মতো দেখতেন। আর শেখ হাসিনা ভাইয়ের মতো দেখেন। সেনাবাহিনীর জন্য এই দুই সরকারই করেছে। এর বাইরে এরশাদ সরকার করেছে। অস্বীকার করব না।’
এমকে





