বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে রাজনীতির মাঠ থেকে বিদায় করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি কোন শিষ্টাচার মানে না।এদের সাথে শালীনতা রক্ষা করে কোন কিছুই হবে না। এদের দুই জনকেই ( খালেদা-তারেক) রাজনীতি মাঠ থেকে বিদায় করতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জহুরা তাজউদ্দিন ও অভিনেতা খালেদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, বিএনপি যতদিন রাজনীতিতে থাকবে বিশেষ করে “খালেদা ও তারেক রহমান” ততদিন বাংলাদেশে সুস্থ রাজনীতি ফিরে আসবেনা। তারা নিশি রাত্রে মিটিং করে, তথ্য সন্ত্রাস চালাচ্ছে। এদের কে রাজনীতি থেকে বিতাড়িত করা উচিত।
‘ক্ষমতায় গেলে শেখ হাসিনার মামলা পুনঃজীবিত করা হবে’- সম্প্রতি খালেদা জিয়ার দেয়া এ বক্তব্যের প্রতিবাদে কামরুল বলেন, এই মহিলা (খালেদা) একজন মূর্খ মহিলা। তিনি জানেনওনা যে শেখ হাসিনার বিরুদ্ধে সকল মামলা সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শেষ করা হয়েছে।
এ সময় কামরুল আরও বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে লাদেনী আন্দোলন, মিডিয়াই তাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে।
সংগঠনের সহ-সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
এমআর/এসএইচ





