পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (০২ এপ্রিল) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাওসার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কয়েক মাস ধরে তিনি লন্ডনে ও ভারতের মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে গত জানুয়ারির শেষে দেশে ফিরে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামসুর রহমান শরীফ ডিলু ১৯৪০ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। শৈশবে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রাইমারি স্কুল ও পাকুড়িয়া মিলড ইংলিশ স্কুলে পড়াশোনা করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৬২ সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ১৯৯৬ সাল থেকে টানা পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

এমবি