মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর আইসিএস স্কুল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত উত্তরার দিয়াবাড়ীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় আমরা দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সাধ্যমতো এগিয়ে এসেছি। উত্তরার দিয়াবাড়ীতে বিমান দুর্ঘটনার পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ তাদের নির্ধারিত কর্মসূচি স্থগিত করে দুর্ঘটনাস্থল এবং জাতীয় বার্ন ইউনিট পরিদর্শন করে আহত, চিকিৎসাধীন এবং তাদের স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেছেন। একই সঙ্গে নিহত পরিবার এবং আহতদের কল্যাণে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। চিকিৎসাধীনদের জন্য অর্থ ও চিকিৎসক দলও পাঠানো হয়েছে। ঢাকা মহানগরী উত্তর জামায়াত কর্মীরা উদ্ধার অভিযানে সহায়তা, রক্তদান, হাসপাতালে নিয়ে যাওয়া—সবকিছুতে নিজেদের সামর্থ্য উজাড় করে দিয়ে দুর্গতদের জন্য সম্ভব সবকিছুই করছে।

তিনি বলেন, উত্তরা দিয়াবাড়ীতে মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জাতিই শোকাভিভূত ও মর্মাহত। কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনাই। এক্ষেত্রে কারো হাত নেই। তাই বিপদে আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদ হিসেবে কবুল এবং আহতদের আশু আরোগ্য কামনা করে মহান আল্লাহ তা'য়ালার দরবারে দোয়া করেন। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহানগরী আমীর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করে পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান এবং তা চলমান রাখার ঘোষণা দেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিবুল্লাহ ও জামাল উদ্দিন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরীর মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম, এডভোকেট ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, হাসনাইন আহমেদ, গাজী মনির হোসাইন, আবু বকর সিদ্দিক ও ইসরাইল হোসেন প্রমুখ।