দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও দুই শতাধিক নেতা-কর্মীকে আটকের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সন্ধ্যায় দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
তিনি বলেন, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে সরকারের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট মৃত্যুদণ্ড প্রদান করে। সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও জনাব মুজাহিদসহ জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে এ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায় এবং জামায়াত ও ছাত্রশিবিরের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, পুলিশ সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেককে অন্যায়ভাবে আটক করে। পাশাপাশি রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব আবদুস সামাদ, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মুয়াবিয়া হুসাইনকে অন্যায়ভাবে আটক করেছে।
পুলিশ অধ্যক্ষ মাওলানা আবদুল খালেকের নিকট থেকে পিস্তল উদ্ধার, মাগুরা থেকে ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে জামায়াত-শিবিরের ওপর তা চাপানোর এক হাস্যকর কাহিনীর অবতারণা করেছে।
তিনি অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
কেএইচ





