প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌর নির্বাচনকে ক্ষমতাসীনদের সাজানো নির্বাচন দাবী করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে দাবী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি বলেন, সারাদিনের চিত্র দেখে আমাদের বলতে হচ্ছে যে, এই যদি হয় গণতন্ত্রের নমুনা তাহলে সেটি খুবই ভয়াবহ।

পৌর নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার বিকাল সোয়া ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবী করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে ভোট গ্রহণের পরপরেই সারাদেশে ১৫৭ টি পৌর সভায় প্রায় সহস্রাধিক কেন্দ্র ক্ষমতাসীনরা প্রশাসনের সহায়তায় দখল করে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট জালিয়াতি করেছে। এসব পৌরসভায় পুণ:ভোট গ্রহণের দাবী জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দিনের চিত্র দেখে মনে হয়েছে এতে স্বাভাবিত নির্বাচনের লেশ মাত্র নেই। রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে পৌর নির্বাচনের অনিয়ম ও কারচুপি করতে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না পৌর নির্বাচন তা আরেকবার প্রমাণ করল।

বিএনপির এই নেতা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু দেশবাসীর সঙ্গে আমরাও লক্ষ করলাম নির্বাচন কমিশন আবারও তাদের অযোগ্যতা প্রমাণ করল এবং সরকারের প্রতি তাদের শতভাগ আনুগত্য প্রকাশ পেল।

তিনি বলেন, নির্বাচনের সঠিক চিত্র যাতে করে গণমাধ্যমে প্রকাশ না পায় সেজন্য গণমাধ্যমকর্মীদের নানাভাবে হেনস্থা করা হয়েছে। এমন কি নারী সাংবাদিকদেরও অপদস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, আব্দুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ